গোদাগাড়ীতে ১৮ হাজার ৩৯০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে রবি মৌসুমে ডাল ও তেলজাতীয় ফসল সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮ হাজার ৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ১৭ হাজার ১০০ জন সরিষাচাষিকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১ হাজার ২০০ জন মসুরচাষিকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪০ জন খেসারিচাষিকে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৫০ জন অড়হড়চাষিকে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। সময়মতো বীজ বপন, সুষম সার প্রয়োগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব ফসলের ভালো ফলন নিশ্চিত করা সম্ভব।
তারা আরও বলেন, বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ডাল ও তেলজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।