আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে যুবদলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
ঊুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী ওয়ালটন শোরুমের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহসভাপতি আফজাল হোসেন বাবু। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি এ-হাই তালুকদার ডালিম।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগ, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদল রাজপথে রয়েছে। দেশে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।