বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নাটোরে বেকার যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ, পেলেন সেলাই মেশিন

নাটোর প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
নাটোরে বেকার যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ, পেলেন সেলাই মেশিন

বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নাটোরে উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


ঊুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের হাজরা নাটোর এলাকায় আলো সংস্থার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজহার আলী।


অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, আলো সংস্থার নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, বিভিন্ন এনজিও ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএ ওয়াশি বাপি।


বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে যুবক-যুবতীরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে বেকারত্ব কমার পাশাপাশি তাঁদের আত্মনির্ভরশীলতা বাড়বে।


অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে বেসরকারি সংস্থা আলো ও অনির্বাণের পক্ষ থেকে তিনজন প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।


উল্লেখ্য, আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলার ৩০ জন বেকার যুবক-যুবতীকে পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।