বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলম হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা জানান, অভিযানে লক্ষ্মীনগর বালুমহাল ও চকরাজাপুরের বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয়। এ সময় চকরাজাপুরে পদ্মা নদীতে ড্রেজারের মাধ্যমে নির্ধারিত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।