শিবগঞ্জে খনন করা খাল বেদখল, অনাবাদি হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াদহ বিলে পানি নিষ্কাশনের জন্য খনন করা প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল বেদখল হয়ে পড়েছে। খালের মুখ বন্ধ থাকায় বিলের অন্তত এক হাজার বিঘা জমি অনাবাদি পড়ে আছে। আরও এক হাজার বিঘা জমিতে পানি জমে থাকায় রবি শস্যের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন দুই শতাধিক কৃষক। এতে প্রতিবছর একাধিক ফসল উৎপাদনের সম্ভাবনা থাকলেও কৃষকদের সীমিত একটি ফসলের ওপর নির্ভর করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ জিয়াউর রহমানের শাসনামলে বিলের দক্ষিণ পাশে ঘোড়াদহ থেকে আমতুডাড়া পর্যন্ত প্রায় ৫০ ফুট প্রশস্ত ও চার কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করা হয়। এতে বিলের প্রায় ৩০০ কৃষকের জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে খালের দুই পাশের জমির মালিকদের একাংশ খালের জায়গা দখল করে নেওয়ায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে শ্যামপুর, মোবারকপুর, শাহাবাজপুর, দাইপুখুরিয়া ও বিনোদপুর ইউনিয়নের কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
কৃষকেরা জানান, সম্প্রতি কানসাট স্লুইসগেট খুলে দেওয়ায় প্রায় তিন হাজার বিঘা জমির পানি কিছুটা নিষ্কাশন হয়েছে। এতে কিছু জমি আবাদযোগ্য হলেও খালের মুখ বন্ধ থাকায় আরও এক হাজার বিঘা জমি অনাবাদি রয়েছে। প্রায় এক হাজার বিঘা জমিতে আংশিক পানি জমে থাকায় চাষাবাদ করতেও হিমশিম খাচ্ছেন তাঁরা।
শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, বিলে তাঁর চার বিঘা জমি রয়েছে। পানি ঠিকমতো নিষ্কাশন না হওয়ায় বছরে শুধু বোরো ধান আবাদ করতে পারেন। খালের জমি উদ্ধার করে পুনরায় খনন করা হলে বছরে রবি শস্য, ধানসহ তিনটি ফসল উৎপাদন সম্ভব হবে। একই ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিনও খালটি পুনরুদ্ধার ও খননের দাবি জানান। কৃষক জেমরুল ইসলাম বলেন, একসময় শত শত কৃষকের উপকারের জন্য খনন করা খাল এখন দখল হয়ে আছে। এটি অত্যন্ত দুঃখজনক।
কৃষক রেজাউল হক জানান, বিলে প্রায় ১৭টি গভীর নলকূপ রয়েছে। প্রতিটির আওতায় প্রায় ২৫০ বিঘা জমি আবাদ করা সম্ভব। কিন্তু বর্ষায় বিল ডুবে যাওয়ার পর পানি ঠিকমতো নামতে না পারায় বছরে মাত্র একটি ফসল ফলানো যাচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত খালের জমি উদ্ধার ও পুনঃখননের দাবি জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে একমত পোষণ করেন উপস্থিত আরও ৫০-৬০ জন কৃষক।
এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী জানান, খালটি পুনরুদ্ধার ও পুনঃখননের জন্য পরিকল্পনা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন তিনি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। এখন অবগত হয়েছেন। জরুরি ভিত্তিতে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়ে তদন্তের মাধ্যমে কৃষকদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী কাউসার আলী বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খালটি পুনরায় খনন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিগুলো আবাদযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে।