শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর ২০২৬ ০১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
নগরীতে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বেলপুকুর থানা, শাহমখদুম থানা এবং মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াই টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া উত্তরপাড়া (মধ্যপাড়া) গ্রামের মৃত রবির স্ত্রী ও মৃত লুৎফর রহমান ওরফে পলান মালিথার মেয়ে, বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় বসবাসরত মোসা. জুলেখা বেগম ওরফে পুতলি (৫০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ০.৪০ গ্রাম হেরোইন ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।


অপরদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খড়খড়ি (ভাটাপাড়া) গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী মোসা. ওছিরন বেগম (৫০)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


এ ছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাটাখালী থানার জাগিরপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. মাসুম আলী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বেলপুকুর (গেটপাড়া) গ্রামের গিয়াস আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪১)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।


এদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে শাহমখদুম থানা পুলিশ মধ্য নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর থানার বড়বাহাদুরপুর গ্রামের মৃত নিরেন পাহাড়ীর ছেলে, বর্তমানে মধ্য নওদাপাড়া এলাকায় পালক পিতা মো. মনিরুল ইসলামের বসতবাড়িতে বসবাসরত শ্রী পরিতস পাহাড়ী (২৯) এবং নওদাপাড়া বাজার এলাকার মো. সামিউল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় পরিতস পাহাড়ীর হেফাজত থেকে ৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি মাদক মামলা রয়েছে।


এ ছাড়া, একই দিন সকাল আনুমানিক ৭টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ধরমপুর (পেঁপে বাগান) গ্রামের মৃত জাফরের ছেলে মো. ফাইসাল (২১)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।