শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা

সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০১:৫৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০১:৫৭ অপরাহ্ন
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।


১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।


এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।


আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। ওনার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল আবেদন করবো।


রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পান। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক।


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।


২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন