শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ছয়টি ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ছয়টি ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে গ্রামীণ ব্যাংকের মনিগ্রাম শাখার সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছয়টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বস্তুগুলো দেখতে পান। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


গ্রামীণ ব্যাংকের মনিগ্রাম শাখার ব্যবস্থাপক মো. মহসিন রেজা জানান, বৃহস্পতিবার সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করে সীমানা প্রাচীরের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি—মোট ছয়টি ককটেলসদৃশ বস্তু দেখতে পান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হয়।


তিনি আরও জানান, আগের রাত ১২টা থেকে ব্যাংকের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। তবে পুলিশের পাহারা থাকা অবস্থায় কখন বা কীভাবে এসব বস্তু ব্যাংকের সীমানার ভেতরে ও বাইরে রাখা হয়েছে, তা তিনি জানেন না।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, রাত ১২টা থেকে তাঁরা সেখানে দায়িত্ব পালন করছিলেন। তবে কখন বা কীভাবে এসব বস্তু ব্যাংকের সীমানার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।


খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মণ্ডল। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ওই ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ব্যাংকের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


এদিকে, পুলিশ পাহারার মধ্যেও ব্যাংকের সীমানার ভেতরে পাঁচটি এবং বাইরে একটি ককটেলসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কার্যক্রম ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।