শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

গোপালগঞ্জে বাংলানিউজের সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর, হত্যার হুমকি

সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
গোপালগঞ্জে বাংলানিউজের সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর, হত্যার হুমকি

গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি শেখ মো. একরামুল কবীর মুক্তর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোসহ হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। 


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের নবীনবাগ এলাকায় তার বাসায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বেশ কিছু দুর্বৃত্ত সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে অবস্থান নেয়। প্রথমে তারা বাসায় সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে।


পরে তার তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাইগ্লাস ভাঙচুর করে। এখানেই ক্ষান্ত না হয়ে দুর্বৃত্তরা সাংবাদিকের বৃদ্ধ মায়ের বিল্ডিংয়ের গ্লাসও ভাঙচুর করে।


এ সময় তিনি ঘরের ভেতরে একা অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা তাদের ফিরিয়ে দেন।


সাংবাদিক একরামুল কবীরের মা হুরিয়া খানম জানান, বেশ কিছু লোক তার ও তার ছেলের বাসায় হামলা করে সিসিটিভি ক্যামেরা ও ভবনের গ্লাস ভাঙচুর করে। পরে তারা চলে যাওয়ার সময় তার দুই ছেলে একরামুল কবীর ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার হুমকি দেয়।


সাংবাদিক একরামুল কবীর বলেন, ‘আগামীতে গোপালগঞ্জের ১২ নম্বর ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। এ কারণে কেউ ঘোলা পানিতে মাছ ধরার জন্য আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে, যাতে আমি আগামীতে নির্বাচন থেকে সরে যাই। তবে তাদের সে আশা পূরণ হবে না।’


তথ্যসূত্র: বাংলানিউজ