গাজীপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবরসহ গ্রেপ্তার দুই
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং এক লিটার পেট্রোল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একজন মো. নাহিদ সরকার ওরফে রাতুল (৩৩)। অন্যজন মো. আপন (১৮)। রাতুল চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় আসকর আলী পেট্রোল পাম্পের কাছে পুলিশ চেকপোস্ট থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বাসন থানা পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালনকালে নাওজোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের হেফাজতে থাকা পানির বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়।
এ সময় গাড়িতে থাকা নাহিদ সরকার ও তার সহযোগী মো. আপনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা মাহিম (১৮) নামে অপর সহযোগী পালিয়ে যান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাহিদ সরকার স্থানীয়ভাবে ‘রাতুল’ নামে পরিচিত। তিনি ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের চাচাতো ভাই এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মহাসড়কে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ এবং টায়ার পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এ কাজে তাদের নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে আফজাল হোসেন সরকার রিপনের বিরুদ্ধে। তবে এ প্রসঙ্গে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, গ্রেপ্তার দুজন এবং পলাতক অপর একজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বাসন থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি