হারানো ৬১ মোবাইল ফিরিয়ে দিল রাজশাহী জেলা পুলিশ
প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। পুলিশের এমন উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফোনের মালিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধার হওয়া ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত। জনসেবায় পুলিশের এ ধরনের সাফল্যের পরিধি আগামী দিনে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত ও আনন্দিত হন ভুক্তভোগীরা। তারা রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোনগুলো হারিয়ে যায় কিংবা চুরি হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেগুলো শনাক্ত ও উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।