রূপপুর প্রকল্পে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহি লরিগুলো।
সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুর পৌঁছায় সেগুলো। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন ছিল। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান রূপপুরে এসেছে।
পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানান, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর মধ্যে আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে।
চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুইটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করবেন তারা।
প্রকল্প সূত্র জানায়, প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
ইতোমধ্যে প্রকল্পটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ইউনিটটি থেকে গত ১৭ নভেম্বর প্রথমবারের মত সাড়ে ৮ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এসময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।