শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ছবি: সংগৃহীত।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৪১ জনে পৌঁছেছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। মোট ১ হাজার ২৭০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।


১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন হাসপাতাল ছেড়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৯৬৬ জনের।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন