রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন— দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৩০), তাসফিয়া (২৭), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক দুজনের মধ্যে একজনের নাম তানিয়া।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানিয়েছেন, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
ওসি মোজাফফর আহমদ জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, “বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।”
তথ্যসূত্র: রাইজিংবিডি