ঈশ্বরদীতে জাতীয় সাহিত্য উৎসব রূপ নিলো আন্তর্জাতিক সাহিত্য উৎসবে
‘চেতনায় কবিতা, মননে কবিতা, চলো বহুদূর...’-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে নোঙর জাতীয় সাহিত্য উৎসব দিনব্যাপি নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিটিউট চত্বর ও মিলনায়তনে রাশিয়া, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারি আড়াইশ’ কবি-সাহিত্যিক-লেখকের মিলনমেলা রূপ নেয় আন্তর্জাতিক সাহিত্য উৎসবে।
সকালে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার কবি ও সংগঠক পূবালী দেব। এ আয়োজনে সভাপতিত্ব করেন সাহিত্য সংগঠন ‘নোঙর’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী’র আহ্বায়ক মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, ড. কুয়াশা মাহমুদ, কবি ও প্রাবন্ধিক আনোয়ার হোসেন মল্লিক, আতাউর রহমান পাতা, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, ইমাম হাসান মুক্তি।
দুপুরে ‘সাহিত্যে আন্তঃসংযোগ ও বিশ্ব পরিক্রমা’ শীর্ষক আলোচ্য বিষয় নিয়ে আয়োজিত সেমিনারে ভারতের কবি পুবালী দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোলকাতার বরেণ্য কবি মানিক পণ্ডিত। মুখ্য আলোচক ছিলেন আব্দুল কাউয়ুম। আলোচক হিসেবে বক্তব্য দেন নেপালের সাহিত্যিক অনন্তে আগলে, হুমাকালা স্যাপটাক, রামচন্দ্র নেপাল, পাবনার মহিয়সী সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রেহেনা সুলতানা শিল্পী, ভেড়ামারার কবি জাহাঙ্গীর আলম, স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, নীলফামারী, ফরিদপুর, বগুড়া, সিরাজগঞ্জের কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। এ আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকার কবি নিলুফা জামান।
‘সাহিত্যে লিটল ম্যাগাজিনের ভূমিকা’- শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী দেব। সভাপতিত্ব করেন কবি হাসানুজ্জামান রিপন। আলোচক ছিলেন আলমগীর কবির হৃদয়, নাসরিন রেখা, কবি রাজ্জাক দুলাল, আজহারুল আজাদ, ফাতেমা ইয়াসমিন। কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখা।
‘কবিতা কল্পনালতা : অনুভবে অনুধ্যানে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কবি আলমগীরুল নিউটন। মুখ্য আলোচক ছিলেন উপাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, অধ্যাপক সাজিদুল ইসলাম, মো. আজিজুর রহমান তাজ, আব্দুর রাজ্জাক রঞ্জু, কবি আজিজুর রহমান মুন্না।
উৎসবের শেষভাগে এই সাহিত্য উৎসব উপলক্ষে প্রকাশিত ‘ঠাঁই’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খালেদ হোসাইন। সভাপতিত্ব করেন সাহিত্যানুরাগী মো. সিরাজুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক ড. মো. শরিফুল ইসলাম।
বিভিন্ন পর্বের এসব আয়োজনে সঞ্চালক ছিলেন সাংবাদিক মাহাবুবুল হক দুদু, অধ্যাপক সালেক শিবলু, কবি প্রিয়াংকা রায়, কবি এইচ আলিম, সংগঠক আতাউর রহমান বাবলু ও শাম্মী আক্তার স্মৃতি। নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরুর দুই দিন আগে থেকে রাশিয়া, ভারত, নেপালসহ কয়েকটি দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিকরা ঈশ্বরদীতে এলে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ উৎসবের প্রধান সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান বলেন, ঈশ্বরদীতে আয়োজিত এই আন্তর্জাতিক সাহিত্য উৎসব সফলভাবে সমাপ্তির মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষিদের সঙ্গে বাংলাদেশের সাহিত্য নিয়ে যে ভাব বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে এই ধারা ধরে রাখতে আগামীতে আরো বড় পরিসরে এই সাহিত্য উৎসবের আয়োজন করা হবে।