শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পাবনার নতুন জোড়া ট্রেনের চলাচল শুরু আজ থেকে

ঈশ্বরদী প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
পাবনার নতুন জোড়া ট্রেনের চলাচল শুরু আজ থেকে

দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার পর পাবনা ও ঈশ্বরদী থেকে ঢাকা যাতায়াতের প্রথম আন্ত:নগর জোড়া ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ শনিবার থেকে নিয়মিত চলাচল করবে। বৃহস্পতিবার বিকেলে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের নতুন পথ উন্মোচিত হওয়ার পর পরীক্ষামূলক ঢাকা গেলেও সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য শনিবার থেকে ট্রেন দুটি নির্দিষ্ট সময়ে চলাচল শুরু করবে। 


এর আগে বৃহস্পতিবার উদ্বোধনের পর ট্রেনটি বিকেল সাড়ে ৫টার সময় পাবনা থেকে ছেড়ে সরাসরি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে সন্ধ্যা সাড়ে ৬টায় এসে পৌঁছায়। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছুলে আনুষ্ঠানিকভাবে নতুন ট্রেনকে বরণ করে নেওয়া হয়। 


ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক নের্তত্বস্থানীয়রা ট্রেনকে বরণ করে নেন। বিকেলে ঈশ্বরদী স্টেশনে আনন্দ মিছিল বের করেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শত শত নেতা কর্মীরা। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্লাটফরমে নতুন ট্রেনের দ্বিতীয় দফার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বক্তব্য দেন। 


নতুন ট্রেনের নিয়মিত সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ৩টা ২৫ মিনিটে। নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে বলে নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলের ডিসিও হাসিনা খাতুন।