নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গতকাল রাত সাড়ে বারোটার দিকে উপজেলার গাবতলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লছিমন(৫০), বগুড়ার আদমদিঘী উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনীর বাবুর ছেলে সাগর(৪২) এবং নওগাঁ সদর উপজেলার চক-গোয়ালী এলাকার আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশের একটি টহল দল ডিউটি পালন করছিল উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলি এলাকায়। ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডাকাতির উদ্দেশ্যে ৭-৮ জন সদস্য পিক-আপ যোগে নিয়ামতপুর উপজেলার দিকে আসছে। গাবতলি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্হানীয়দের সহায়তায় পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
আরও জানা গেছে, গ্রেফতারকৃত ৩ ব্যক্তির মধ্যে রেজাউল করিম ওরফে লছিমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকের ৯ টি, সাগরের নামে ৫ টি এবং রিমনের নামে ১ টি মামলা রয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।