ঈশ্বরদীতে ভটভটির চাপায় কৃষক নিহত
পাবনার ঈশ্বরদীতে শ্যালোর ইঞ্জিন চালিত অবৈধ যান ভটভটি গাড়ির চাপায় মুনসুর আলী বিশ্বাস (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী বাজার থেকে বাইসাইকেলযোগে নিজবাড়িতে ফেরার সময় শহরের আলহাজ্ব মোড়ে ওই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
নিহত মুনসুর আলী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর ছিলিমপুরের জগনাথপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বাইসাইকেল চালিয়ে তিনি বাড়ির পথে যাচ্ছিলেন। এই সময় শ্যালো ইঞ্জিন চালিত একটি স্টেয়ারিং গাড়ি তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও মোটর শ্রমিক দলের নেতারা দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করে তাদের কার্যালয়ে রাখেন, পরে পুলিশকে অবহিত করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, নিহতের মরদেহ থানার হিমাগারে রাখার পর আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।