আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের নেতা গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌরসভার হলুদঘর এলাকার নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি (৫৬)। নিসরুল হামিদ ফুতু হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর রহমান মন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘি উপজেলা সদরের তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তাঁরা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলকারী যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছেন।
পরে ওই স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফুট ব্যানারসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।