শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ছাত্রলীগ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছাত্রদল নেতারা

রাবি প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
ছাত্রলীগ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছাত্রদল নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের সাবেক নেতা অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের প্রভোস্ট কক্ষে প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাগবিতণ্ডা হয়।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেক ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা।


ভুক্তভোগী শিক্ষার্থীর নাম দেবজয় সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে তিনি সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন। তবে হলের আসন পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।


ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ সংক্রান্ত প্রমাণও তারা পেয়েছেন বলে দাবি করেন।


দেবজয় সরকার বলেন, ‘আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দিয়েছে, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’


এ বিষয়ে শাখা ছাত্রদলের সহসভাপতি আবির হাসান বলেন, তাকে শিক্ষার্থীরা ছাত্রলীগের অভিযোগে মারধর করছিলেন। পরে তিনি তাকে উদ্ধার করে গেস্টরুমে নিয়ে যান, যেন কেউ আর মারতে না পারে। হলের শিক্ষার্থীরাই তাকে মেরেছেন, তবে কারা মারধর করেছেন, তাদের তিনি চেনেন না।


মারধরের পর দেবজয়কে হলের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। ঘটনা জানাজানি হলে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রভোস্ট কক্ষে নেওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, ফুটেজের উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে।


অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। তারা দ্রুত ফুটেজ দেখানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।


এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রভোস্ট কক্ষের দরজা ভাঙার চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় চার ঘণ্টা আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রভোস্ট কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা তোমাদের কথা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’