শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মাঝ সাগরে জিম্মি, ট্রলার নিয়ে উপকূলে আসার পর উদ্ধার ২৮ জন

সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন
মাঝ সাগরে জিম্মি, ট্রলার নিয়ে উপকূলে আসার পর উদ্ধার ২৮ জন
উদ্ধার হওয়া নারী-পুরুষ ও শিশুরা

মাঝ সাগরে জিম্মি, ট্রলার নিয়ে উপকূলে আসার পর উদ্ধার ২৮ জন 

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা মালয়েশিয়াগামী একটি ট্রালার থেকে নারী-শিশু ও পুরুষসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ট্রলারে তুলে দেওয়া হয়। মাঝ সগরে আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে মানবপাচারকারী চক্র। এ সময় কাউকে মারধর এবং কাউকে ট্রলার থেকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।


উদ্ধার ব্যক্তিরা জানান, সাতদিন সাগরে ভেসে থাকার পর তারা কৌশলে দালালদের কাঠের ট্রলারটি নিয়ে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে পৌঁছান। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে, কোনো মানবপাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।


পুলিশের ধারণা, নৌকাটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। পুলিশ পৌঁছানোর আগেই তাদের অনেকে বিভিন্ন দিকে চলে যান। এ ঘটনায় জড়িত তিন দালালও পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।


কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি