শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে শান্তিপ্রিয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির

সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:২৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে শান্তিপ্রিয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে। শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। 

থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে?”


আইজিপি জানান, একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত। কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।


তিনি আরো বলেন, ‍“জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”


আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, “এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা। এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।”


সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে আসেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।


গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছে তারা জেলা পুলিশের সঙ্গে বৈঠক করেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তারা গোপালগঞ্জ শহরে পৌঁছান। ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে গিয়ে কল্যাণ সভায় যোগ দেন।


আইজিপির সফর ও বৈঠককে কেন্দ্র করে সার্কিট হাউসের সামনে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান করেন।


গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।


তথ্যসূত্র: রাইজিংবিডি