শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মেয়ের বিয়ের স্বর্ণ আত্মসাতের অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৮

সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
মেয়ের বিয়ের স্বর্ণ আত্মসাতের অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৮

মেয়ের বিয়ের জন্য মালয়েশিয়া থেকে কেনা ১৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণ দেশে পাঠিয়েছিলেন এক গার্মেন্টস ব্যবসায়ী। বিমানবন্দর থেকে সেই স্বর্ণ বুঝে নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন নিজের ভাতিজা রায়হানকে।


কিন্তু স্বর্ণ বুঝে নেওয়ার পর ছিনতাইয়ের নাটক সাজিয়ে সহযোগীদের নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় সাবেক ছাত্রদল নেতা আহসান হাবিব হাসানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


তাদের কাছ থেকে সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।


মামলার এজাহারে আহসান হাবিব হাসানকে সাবেক ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ও বর্তমানে যুবনেতা হিসেবে পরিচিত বলে উল্লেখ করেছেন বাদী।


তার বিরুদ্ধে মিরপুরের ৬০ ফিট এলাকার টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগও আনা হয়েছে।


এ ঘটনায় গত সোমবার (১৬ নভেম্বর) মো. সিরাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন।


মামলায় রায়হান (২৪), সাজ্জাদুর রহমান তুর্য্য (২৪), সৈকত (২৩), হেলাল হোসেন (২১), শাকিল (২৬), আরিফ (২৫), শাওন (২৬), আহসান হাবিব হাসান (৪০), জুয়েল (২৫) ও বেলালকে আসামি করা হয়েছে।


মামলার এজাহারে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, গত ১ নভেম্বর বড় ভাই মো. ওমর ফারুককে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে মেয়ের বিয়ের জন্য একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল ও একটি হাতের বালা কেনেন। এসব স্বর্ণের ওজন ছিল ১৯ দশমিক ৪৭ গ্রাম। এগুলোর দাম পড়ে ১৫ লাখ ৪০ হাজার টাকা। তার বড় ভাইও চারটি স্বর্ণের চেইন ও একটি হাতের বালা কেনেন।


পরে মালয়েশিয়ায় পরিচিত ভাতিজা জাহিদ হাসানের কাছে স্বর্ণগুলো গচ্ছিত রেখে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন তারা। দেশে সেগুলো গ্রহণের দায়িত্ব দেওয়া হয় সিরাজুল ইসলামের আরেক ভাতিজা রায়হানকে।


এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর বিকেল ৪টার দিকে মিরপুরের ৬০ ফিটের বারেক মোল্লার মোড়ে রায়হানের ‘কালার পয়েন্ট’ নামের মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকানে বসে স্বর্ণ ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি ও তার সহযোগীরা। পরদিন সকাল ৭টার দিকে বিমানবন্দর থেকে স্বর্ণ বুঝে নেন রায়হান। সকাল ৮টার দিকে দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীরা তার কাছ থেকে স্বর্ণ নিয়ে যান।


এরপর চাচা সিরাজুল ইসলামকে ফোন করে রায়হান জানান, অজ্ঞাতপরিচয় তিন-চারজন ব্যক্তি তার কাছ থেকে স্বর্ণ ছিনতাই করেছেন। তবে দেশে ফিরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, স্বর্ণ ছিনতাই হয়নি; পরিকল্পনা অনুযায়ী সহযোগীদের মাধ্যমে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।


এজাহারে আরও বলা হয়, স্বর্ণের কিছু অংশ বিক্রির জন্য মিরপুর-১ এলাকায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে এক জোড়া কানের দুল ও একটি হাতের বালা আরিফের কাছে দেওয়া হয়। আরিফ সেগুলো বিক্রি করে চার লাখ ৬৭ হাজার টাকা নিয়ে আসেন। এর মধ্যে এক লাখ টাকা তিনি নিজেই রেখে দেন। পরে তিন নম্বর আসামি সৈকত, চার নম্বর আসামি হেলাল হোসেন ও পাঁচ নম্বর আসামি শাকিল কক্সবাজারে ঘুরতে যান।


ঘটনাটি জানাজানি হলে অন্য আসামিদের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী। এ সময় আট নম্বর আসামি আহসান হাবিব হাসান অবশিষ্ট একটি স্বর্ণের চেইন বিক্রির পরামর্শ দেন বলে অভিযোগ করা হয়েছে।


পরে সৈকত, হেলাল ও শাকিল মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেটের একটি স্বর্ণের দোকানে চেইনটি সাত লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। ওই টাকা থেকে সাত নম্বর আসামি শাওন ও আট নম্বর আসামি হাসান দেড় লাখ টাকা রেখে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সৈকত, হেলাল ও শাকিল নিজেদের মধ্যে দেড় লাখ টাকা ভাগ করে নেন। ১০ নম্বর আসামি বেলাল রাখেন ৫০ হাজার টাকা।


এজাহারে আহসান হাবিব হাসানের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে, তিনি ও তার ভাই হিরু মিরপুরের ৬০ ফিট এলাকার টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির সঙ্গে জড়িত। হিরু যুবলীগের নেতা এবং বর্তমানে মাদক ও বৈষম্যবিরোধী মামলায় কারাগারে রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেছেন বাদী।


মামলার বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি ছিনতাইয়ের নাটক হিসেবে সাজানো হয়েছিল। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা হাসানসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।


তথ্যসূত্র: বাংলানিউজ