শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু

সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।


সরকারপ্রধান বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার এরই মধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও এসব পরিকল্পনার অংশ।


সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ হিসেবে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।


সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের জীবনমান উন্নয়নের বিষয়েও সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে এরই মধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সশস্ত্র বাহিনীর জন্য অনন্য গৌরবের ইতিহাস ও প্রেরণার উৎস।


তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ উচ্চারণ করে বিদ্রোহ ঘোষণা করেন। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে সেনাবাহিনীর বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিকদের একত্র করেন। সেই রাতেই সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।


এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধের উদ্ধৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই নিবন্ধে জিয়াউর রহমান লিখেছেন, ‘সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও, আর জওয়ানদের ডাকলাম। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ২৬শে মার্চ। ১৯৭১ সাল।’


প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার লেখা এসব তথ্য ১৯৭২ সালে অধুনালুপ্ত দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত হয়েছিল। ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সেনাবাহিনীকে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেওয়ার পর ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতাকামী জনগণের উদ্দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। রেডিওতে দেওয়া সেই ঘোষণা দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল।


এ সময় ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র দৃশ্যমান ছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলমান ছিল।


তথ্যসূত্র: জাগোনিউজ