শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের জমজমাট ব্যবসা

শিবগঞ্জ প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের জমজমাট ব্যবসা

শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে টিকরী বাজারে চায়ের দোকানের আড়ালে দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকের ব্যবসা ও মাদক চুরির অভিযোগে যক্ষায় আক্রান্ত একজন রোগীকে মারধরের অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ী ও যক্ষায় আক্রান্ত রোগীকে মারধরা দুইভাই হলেন মানিক (৩৫) ও সেলিম আলী(২৩)। 


স্থানীয়দের অভিযোগ, সাধারণ চা বিস্কুটের দোকানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সেখানে মাদক কেনাবেচা চলছে। দোকানটির আশপাশে একটি মাদ্রাসা ও একটি নূরানী মাদ্রাসা থাকায় শিক্ষার্থী ও তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, টিকরী বাজারে ওই দুই ভাই চা- বিস্কুটের দোকানের আড়ালে দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছে। ছদ্দবেশে দোকানে গেলে ওই দুই ভাইকে পাওয়া না গেলেও কানা মানিকের স্ত্রী মাদকের ব্যবসার কথা স্বীকার করেন এবং ড্রয়ার খুলে মাদক দেখান। 


মোবারকপুর ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলামিন ইসলাম বলেন, ওই চায়ের দোকানসহ  এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। 


মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি অসিম ইসলাম বলেন, ওই দুই ভাই চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে। প্রশাসন জেনেও না জানার ভান করছে অজ্ঞাত কারণে। 


এলাকাবাসী জানান, গত ১৮ অক্টোবর রাতে যক্ষা রোগে আক্রান্ত টিকরী কালিচক গ্রামের বাসিরের ছেলে শাহিন (৩৩) ওই দোকানে চা পান করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে তার বাড়ি গিয়ে তাঁকে ঘুম থেকে তুলে নিয়ে চুরি হওয়া ইয়াবা ট্যাবলেট ফেরত চেয়ে মারধর করে। 


স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন। শাহীন ইয়াবা চুরির অভিযোগ অস্বীকার করে এ অন্যায়ের বিচার দাবী করেন এবং তাদের মাদক ব্যবসা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি  কামনা করেন।


এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২০টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।