শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মান্দায় বৃষ্টিতে মাঠেই ভিজছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষকরা

মান্দা প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
মান্দায় বৃষ্টিতে মাঠেই ভিজছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষকরা

নওগাঁর মান্দা উপজেলায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে মাঠে কেটে রাখা ও শুকানোর জন্য বিছিয়ে রাখা পাকা আমন ধান ভিজে গেছে। অসময়ের এ বৃষ্টিতে ধান ও খড় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে কষ্টে ফলানো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।


মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি শীষ। কোথাও ধান কাটছেন কৃষকেরা, কোথাও চলছে মাড়াই ও ফসল ঘরে তোলার প্রস্তুতি। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার আনন্দে যখন ব্যস্ত থাকার কথা, তখন বৈরী আবহাওয়ায় সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার দিনভর অব্যাহত থাকায় মাঠে থাকা পাকা ও কাটা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।


উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, তাঁর পাঁচ বিঘা জমির ধান শুকানোর জন্য মাঠে বিছিয়ে রাখা হয়েছে। আধা শুকনো ধানগুলো বৃষ্টিতে আবার ভিজে গেছে। কবে নাগাদ ধান মাঠ থেকে ঘরে তুলতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তাঁর আশঙ্কা, এভাবে বৃষ্টি চলতে থাকলে ধানের পাশাপাশি খড়ের মানও নষ্ট হবে। এতে কৃষকদের লোকসান গুনতে হবে।


চককালিকাপুর গ্রামের কৃষক আব্দুল খালেক চার বিঘা জমি বর্গা নিয়ে আমন ধানের আবাদ করেছেন। চাষাবাদের জন্য ঋণও নিতে হয়েছে তাঁকে। তিনি বলেন, সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার ধানের ফলন ভালো হয়নি। অন্যদিকে নতুন ধান বাজারে উঠলেও দাম কম। এর মধ্যে আবার বৃষ্টিতে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


আব্দুল খালেক আরও বলেন, কৃষকেরা মাত্র ধান কাটা শুরু করেছেন। এ অবস্থায় বৃষ্টির কারণে মাঠের ধান নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। শুধু ধান নয়, গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড় সংগ্রহ নিয়েও দুশ্চিন্তা রয়েছে। মাঠে পড়ে থাকা খড় ভিজে নষ্ট হলে পশুখাদ্যের সংকট তৈরি হতে পারে।


আমন ধান এ অঞ্চলের কৃষকদের অন্যতম প্রধান ফসল। এ ফসল ঘরে তোলার ওপর অনেক পরিবারের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও সংসারের ব্যয় নির্বাহ নির্ভর করে। তাই ফলন ঘরে তোলার শেষ সময়ে বৃষ্টির কারণে নতুন করে লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে মান্দা উপজেলায় প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে স্বর্ণা-৫, ব্রি ধান-৫১সহ বিভিন্ন জাতের ধান রয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, বৃষ্টি থামার পরপরই পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। কাটা ধান দীর্ঘ সময় মাঠে ফেলে না রেখে দ্রুত মাড়াই করে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। ফসলের ক্ষতি এড়াতে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।