শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

পাবনা প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন
বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে।


রোববার (২২ নভেম্বর) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে জেলা পুলিশের আদেশে নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার তারা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।