চাচাকে পদ্মা অয়েলের এমডি বানাতে প্রতিমন্ত্রীর সুপারিশ!
চাকরি থেকে অবসরে যাওয়ার এক দিন আগে নিয়েছেন পদোন্নতি। সেই পদোন্নতিকে ‘যোগ্যতা’ দেখিয়ে আবার আবেদন করেছেন অবসরের পর প্রতিষ্ঠানের এমডি (চুক্তিভিত্তিক) হওয়ার জন্য। এমন আবেদনে সুপারিশ করেছেন একজন প্রতিমন্ত্রী!
বলছি পদ্মা অয়েল পিএলসির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) পদে সদ্য পদোন্নতি নিয়ে একদিনের মাথায় অবসরে যাওয়া মীর মোহাম্মদ ফখর উদ্দিনের কথা। তিনি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের চাচা এবং সাবেক বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই।
পদ্মা অয়েল পিএলসি থেকে মীর ফখর উদ্দিনের অবসরে যাওয়ার কথা ১০ নভেম্বর। ৯ নভেম্বর তিনি এক দিনের জন্য প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান। এরপর ১০ নভেম্বর তিনি অবসরে যান এবং এর ওইদিন থেকেই তিন বছরের জন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে আবেদন করেন।
যদিও রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানটির এমডি নিয়োগের নীতিমালায় মহাব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং চাকরির মেয়াদ অন্তত এক বছর অবশিষ্ট থাকার শর্ত রয়েছে। মীর ফখর উদ্দিন মহাব্যবস্থাপক পদে পদোন্নতিই পেয়েছেন অবসরের ঠিক এক দিন আগে। সুতরাং তিনি এ পদে আবেদন করার যোগ্য নন।
জানা গেছে, গত ৯ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে দেওয়া আবেদনে মীর মোহাম্মদ ফখর উদ্দিন ১০ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ চান বলে উল্লেখ করেছেন। আবেদনে সুপারিশ করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আবেদনটি মন্ত্রণালয়ে জমা হয় গত ১৬ নভেম্বর। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আবেদনে মীর ফখর উদ্দিন দাবি করেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত এবং নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তার দাবি, পদোন্নতি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হলে ২০১৮ সালেই তার মহাব্যবস্থাপক এবং ২০২০ সালে ব্যবস্থাপনা পরিচালক হওয়ার যোগ্যতা অর্জনের কথা ছিল।
এমডি নিয়োগে নতুন নীতিমালা, কী যোগ্যতা লাগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ২০২৬ সালের ২৪ জুন বিশেষ গেজেটে নতুন নীতিমালা প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে বিপিসি অথবা এর আওতাধীন কোনো কোম্পানির স্থায়ী কর্মকর্তা হতে হবে। সংশ্লিষ্ট কোম্পানিতে মহাব্যবস্থাপক পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, চাকরির মেয়াদ অন্তত এক বছর অবশিষ্ট থাকতে হবে। নবম থেকে চতুর্থ গ্রেডের প্রথম শ্রেণির পদে অন্তত ১৯ বছরের চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ নির্ধারিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর অথবা স্নাতক পাস ও স্নাতকোত্তর ডিগ্রির মতো যোগ্যতা গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৌশল ডিগ্রিধারীদের জন্যও নির্ধারিত যোগ্যতার সুযোগ রয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, প্রার্থীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, ফৌজদারি মামলা কিংবা দুর্নীতি দমন কমিশনের মামলার অভিযোগ থাকলে এবং নির্দিষ্ট পর্যায়ে বিচার বা তদন্ত চলমান থাকলে তিনি নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। চাকরিজীবনে গুরুদণ্ড পাওয়া ব্যক্তিও এমডি পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। তবে, বিভাগীয় মামলা থেকে অব্যাহতি, অভিযোগ থেকে খালাস বা নির্দোষ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে নীতিমালায় আলাদা বিধান রয়েছে।
এমডি নিয়োগের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। বিপিসির চেয়ারম্যান এ কমিটির আহ্বায়ক। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অর্থ বিভাগ, বিপিসি এবং পেট্রোবাংলার প্রতিনিধিরাও এতে থাকবেন। কমিটি যোগ্য প্রার্থী বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ও নিয়োগের সুপারিশ করবে।
প্রার্থী মূল্যায়নে ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ২৫, সর্বশেষ পাঁচ বছরের বার্ষিক গোপনীয় অনুবেদনের গড়ে ২৫, তার আগের পাঁচ বছরের এসিআরের গড়ে ২০, চাকরিজীবনের বিশেষ অর্জন ও অবদানে ২, জ্বালানি ও খনিজ সম্পদ খাত নিয়ে উপস্থাপনায় ৮, আরেকটি উপস্থাপনায় ১০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রাখা হয়েছে। চূড়ান্ত বাছাইয়ে কমপক্ষে ৭৫ নম্বর পাওয়ার শর্ত রয়েছে। মৌখিক পরীক্ষায়ও নির্ধারিত ন্যূনতম নম্বর পেতে হবে।
বিপিসির একজন কর্মকর্তা জানান, এই নীতিমালার আলোকে মীর ফখর উদ্দিনের আবেদনে দুটি বিষয় ঘাটতি রয়েছে। প্রথমত, তিনি ৯ নভেম্বর মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন; মহাব্যবস্থাপক হিসেবে চাকরি করেছেন ১০ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ অবসরের দিনসহ মাত্র দুদিন। দ্বিতীয়ত, ১০ নভেম্বর অবসরে যাওয়ার নির্ধারিত তারিখ হওয়ায় তার চাকরির মেয়াদ এক বছর অবশিষ্ট নেই। অবশ্য মীর ফখর উদ্দিন চুক্তিভিত্তিক নিয়োগ চেয়েছেন, যদিও তিনি আবেদনের তারিখ পর্যন্ত কোম্পানিতে কর্মরত ছিলেন।
এক কর্মকর্তার পদোন্নতির জন্য তিন পর্ষদ ও দুই কমিটির সভা
মীর ফখর উদ্দিন ১৯৯২ সালের ১ নভেম্বর পদ্মা অয়েলে চাকরিতে যোগ দেন। প্রায় ৩৪ বছরের কর্মজীবনে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হয়েছেন বলে আবেদনে দাবি করেন তিনি। এ বিষয়ে ন্যায়বিচার চেয়ে গত ৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি হয়ে বিষয়টি পদ্মা অয়েল কর্তৃপক্ষের কাছে যায়।
এরপর তার পদোন্নতির বিষয়টি নিয়ে পদ্মা অয়েলের তিনটি পরিচালনা পর্ষদ সভা এবং দুটি নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) সভায় আলোচনা হয়। এসব সভায় তার চাকরিসংক্রান্ত নথি, পদোন্নতির ধারাবাহিকতা ও বার্ষিক গোপনীয় অনুবেদন পর্যালোচনা করা হয়। এনআরসির ৩৬তম সভার পর্যবেক্ষণে বলা হয়, ১৯৯৩ সালে চাকরি স্থায়ী হওয়ার পর কোম্পানির পদোন্নতি নীতিমালা অনুযায়ী প্রতি তিন বছর পর পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও মীর ফখর উদ্দিন যথাসময়ে পদোন্নতি পাননি। তার সমসাময়িক কর্মকর্তারা ধারাবাহিকভাবে পদোন্নতি পেলেও তিনি বঞ্চিত হয়েছেন বলে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। ২০২২ সালে সহকারী মহাব্যবস্থাপক থেকে উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করার কথা ছিল তার।
গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির ৫৭২তম পরিচালনা পর্ষদ সভায় উপমহাব্যবস্থাপক পদে তার পদোন্নতি ২০২৩ সালের পরিবর্তে ২০২২ সালের ২৬ অক্টোবর থেকে কার্যকর করার অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২৮ অক্টোবর অনুষ্ঠিত ৫৭৩তম পর্ষদ সভায় ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে মহাব্যবস্থাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির প্রস্তাব অনুমোদন করে তা বিপিসিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর ১ নভেম্বর পদ্মা অয়েল কর্তৃপক্ষ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বিপিসিতে পাঠায়। যদিও চূড়ান্তভাবে বিপিসি ৯ নভেম্বর তাকে ওই তারিখ থেকেই মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়; অর্থাৎ অবসরে যাওয়ার ঠিক এক দিন আগে তিনি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান।
এ বিষয়ে সদ্য অবসরে যাওয়া পদ্মা অয়েল পিএলসির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মীর মোহাম্মদ ফখর উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ‘আমি দীর্ঘদিন চাকরি করেছি। বিএনপি নেতা মীর নাছিরের ভাই বিবেচনায় আওয়ামী লীগের আমলে বঞ্চিত ছিলাম। এ কারণে আবেদন করে পদোন্নতি নিয়েছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনা করে এমডি পদে নিয়োগ দেওয়ার আবেদন করেছি। এটা প্রতিমন্ত্রী ও আমার ভাতিজা সুপারিশ করেছেন। এক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। সরকার যোগ্য মনে করলে আমাকে নিয়োগ দেবেন।’
তিনি আরও বলেন, ‘চাকরিজীবনে পদ্মা অয়েলে থাকা কালে অনেক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ কারণে একটি পক্ষ চায় আমি আর পদ্মা অয়েলে নিয়োগ না পাই। তারা অপপ্রচারও করছেন। না হয় আমার সম্পূর্ণ ব্যক্তিগত নথি বাইরে আসার কথা না।’
এ বিষয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। খুদেবার্তা পাঠানো হলেও সাড়া মেলেনি।
তবে, পদ্মা অয়েল পিএলসির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘এ রকম কোনো আবেদন এখনও আমার দপ্তরে আসেনি। পদ্মাতে একজন এমডি দায়িত্ব পালন করছেন। ওই আবেদনটি এলে আমরা যাচাই-বাছাই করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেব।’
তথ্যসূত্র: ঢাকাপোস্ট