সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ

সোনার দেশ ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত ছয় দিনে এসব দলের ১৬ জন নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


গত ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা। তাদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, তারা না জেনেই দলীয় পদ পেয়েছেন। আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ছাড়া অন্য ১৪ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন।


রোববার (২২ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে, ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তার পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতাও তার পদত্যাগের কারণ বলে জানিয়েছেন তিনি।


গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। এর পর গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।


গত ছয় দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি। অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।


নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু’-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।


এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


তথ্যসূত্র: রাইজিংবিডি