শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সোনার দেশ ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।


সোমবার (২৩ নভেম্বর) বিজিবি এ তথ্য জানায়।


বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।


মোতায়েন করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি তারা বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।


মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। এই কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।


তথ্যসূত্র: রাইজিংবিডি