শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অনুতপ্ত ব্যারিস্টার ফুয়াদ

সোনার দেশ ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
অনুতপ্ত ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল।


সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যের জন্য ব্যাখ্যা দেন তিনি। এ সময় তিনি বলেন, বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার কোনো উদ্দেশ্য তার ছিল না। বক্তব্যটি অসতর্কতাবশত বেরিয়ে গেছে, যা তিনি ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেন।


সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পর আদালত তাকে ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক করেন। পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, নিজের মন্তব্যের জন্য অনুতপ্ত হয়েছেন ফুয়াদ।


এর আগে, মানবতাবিরোধী অপরাধের বিচার ও ট্রাইব্যুনালের রায় নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তাকে তলব করা হয়। গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছিলেন।


অভিযোগে বলা হয়, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ফুয়াদ আপত্তিকর মন্তব্য করেন। ওই বক্তব্যকে কেন্দ্র করেই তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।


তথ্যসূত্র: রাইজিংবিডি