শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আওয়ামী লীগ টেররিস্ট রাজনৈতিক দল : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
আওয়ামী লীগ টেররিস্ট রাজনৈতিক দল : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেররিস্ট রাজনৈতিক দল। এই টেররিস্টরা নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে।


সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। 


তিনি বলেন, এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে আমরা ক্ষমতায় এসেছি মাত্র আট মাস। আট মাস না যেতে আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা এই ১৭টা বছর এই নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। 


হুইপ দুলু আরও বলেন, আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এ জন্য এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে ফেলার এই রাজনীতি খালেদা জিয়া কখনো করেননি, তারেক রহমানও করবেন না।


তিনি বলেন, আওয়ামী লীগ যেমন মানুষকে জিম্মি করে ও পুড়িয়ে মারার রাজনীতি করছে, গোটা পৃথিবী সেটা দেখছে। নিজেদের অন্যায় কর্মকাণ্ডের জন্যই আন্তর্জাতিকভাবে আজ তারা সমালোচিত হচ্ছে। পৃথিবীবিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস তাদের টেররিস্ট রাজনৈতিক দল হিসেবে সংবাদ প্রকাশ করে তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবেদন তুলে ধরেছে।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ  দলের নেতৃবৃন্দ।


এরআগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।