পুঠিয়ায় কয়েকদিনের বৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় কয়েকদিনের টানা বর্ষণে পাকা ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠ থেকে ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর হঠাৎ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন তারা। বৃষ্টিতে জমিতে পড়ে থাকা কাটা ধান ভিজে যাওয়ায় ফসলের গুণগত মান নষ্ট হওয়া এবং আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জ্বলের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শেষ সময়ে অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখে দিয়েছিলেন। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে সেই ধান ভিজে যায়।
কোথাও কোথাও কাটা ধান পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এতে ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। তাদের দাবি ধান ঘরে তোলার পরে যে পরবর্তী রসুন বা অনন্য ফসল রোপণ সেটাও অনেক দেরি হয়ে যাচ্ছে এতে করে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকদের আশঙ্কা, ভেজা ধান সময়মতো শুকাতে না পারলে ধান অঙ্কুরোদগম, পচন ও রং পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচও তুলতে হিমশিম খেতে হতে পারে।
সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুহূর্তে এমন বৃষ্টিতে হতাশ হয়ে পড়েছেন পুঠিয়ার কৃষকরা। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেকেই ধান শুকানো ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ নিরূপণ করে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার ব্যবস্থা করা হোক। পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার জানান, এ বছর ধানের আবাদ হয়েছে ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে উৎপাদন ২৮ হাজার ৬৮ মেট্রিক টন যার সম্ভাব্য ফলন হেক্টরে ৩.৭৬ টন। আবহাওয়া বিষয়ে আমরা সবসময় কৃষকদের সচেতন করেছি যে আবহাওয়া খারাপ হবে আপনারা ধান জমি থেকে তুলে নেন। তারা আমাদের কথার গুরুত্ব না দেওয়ার কারণেই অনেকের এমন ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হতে পারে তা এখনও হিসাব করা হয়নি।