শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শিবগঞ্জের পাওয়া যাচ্ছে বারোমাসী আম

সফিকুল ইসলাম, শিবগঞ্জ ২৩ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সফিকুল ইসলাম, শিবগঞ্জ ২৩ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শিবগঞ্জের পাওয়া যাচ্ছে বারোমাসী আম

এশিয়া মহাদেশের বৃহত্তম কানসাট আম বাজার বারোমাসী আম বাজারে পরিণত হয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসে কানসাট আম বাজারে আম কেনাবেচা শেষ হয়ে গেলেও এ বছর এখনো আম কেনাবেচা হচ্ছে। বর্তমানে নভেম্বর মাসের শেষের দিকেও রীতিমতো কানসাট  আম বাজারে বিভিন্ন জাতের আম কেনাবেচা হচ্ছে। আমচাষিরা বলছেন, এখন থেকে কানসাট আম বাজারে বছরের বারো মাসই কমবেশি আম পাওয়া যাবে। শুধু দাম কিছু কমবেশি হবে। বছরে কমপক্ষে তিনবার আম ধরছে। 


সরেজমিনে কানসাট বাজার ঘুরে আম বিক্রেতা ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে কানসাট আম বাজারে কাটিমন আম ছাড়া অন্য কোনো আম নেই। তবে কয়েকদিন আগে আশ্বিনা, খীরসাপাত আম শেষ হয়েছে। 


কানসাট বাজারে ্আম বিক্রেতা টুটুল ইসলাম বলেন, দুই মণ কাটিমন আম বিক্রির জন্য বাজারে এনেছে। দাম ১৭ থেকে ১৮ হাজার টাকা চাইলেও ক্রেতা  ১৪ থেকে ১৫ হাজার টাকা মণ বলছে। আমি এক বিঘা জমিতে কাটিমন আম চাষ করেছি। বর্তমানে প্রায় ১০ মণ আম রয়েছে। কিছু আমের পরিচর্যা ও প্যাকেটজাত করার কাজ চলছে। এ পর্যন্ত এক বিঘা জমিতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। তবে এত খরচের পরও খুব কিছুটা লাভ হচ্ছে । তার অভিযোগ, সিন্ডিকেটের কারণে প্রয়োজনীয় সার পাওয়া যায় না, সার সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। 


মোবারকপুর ইউনিয়নের আমচাষি মনিরুল ইসলাম বলেন, কানসাট বাজারে ছয় মণ কাটিমন আম বিক্রির জন্য এনেছি। দাম চেয়েছি মণ প্রতি ১৭ হাজার টাকা, ১৬ হাজার টাকা হলে বিক্রি করে দেব। তিন বিঘা জমিতে কাটিমন আম চাষ করেছি। বাগান পরিচর্যায় এ পর্যন্ত  প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। বাগানে আরও প্রায়  ৩৫ মণ আম রয়েছে। গাছে থাকা আমগুলো আকারে ছোট হওয়ায় ও গত ৩/৪দিনের বৃষ্টির কারণে দাম কিছুটা কম হওয়ায় কিছুটা অসুবিধায় পড়েছি।  বাগানে  আম প্যাকেটজাত করার কাজ চলছে। খরচ বাদে প্রায় সাড়ে তিন লাখ টাকা লাভ হবে। কারণ এ পর্যন্ত যে আম বিক্রি করেছি তাতেই খরচ বাদেই কিছুটা লাভ হয়েছে। 


শাহাবাজপুর ইউনিয়নের আব্দুল কাদের বলেন, আড়াই বিঘা জমিতে কাটিমন আমের চাষ করে পরিচর্যা ও উৎপাদনে এ পর্যন্ত প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ছয় ক্যারেট কানসাট আম বাজারে এনেছি। দাম চেয়েছি মণ প্রতি ১৬ থেকে ১৭ হাজার টাকা। এখনো বিক্রি করতে পারিনি। কারণ কয়েকদিনের বৃষ্টিতে বাহির থেকে আসা ক্রেতার সংখ্যা কম। কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবো কিনা সন্দেহ। 


নাচোল থেকে আম আসা বিক্রেতা আব্দুল হামিদ বলেন, এক লাখ ৫০ হাজার টাকায় কিনে আম আকারে ছোট হওয়ায় ভাল দাম না পাওয়ায় লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি রয়েছে। ক্রেতা আমের দাম বলছে মণপ্রতি ১০ থেকে ১১হাজার টাকা। 


গোমস্তাপুর থেকে আগত আকবর আলী জানান, এর আগেও কানসাট আম বাজারে আমের ভালো দাম পেয়েছি। কিন্তু আজকে শেষ আম নিয়ে এসে বিক্রি করতে হিমশিম খাচ্ছি। আমি লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে ১৬ বিঘা জমি বাৎসরিক বর্গা নিয়ে প্রায় ২০ লাখ টাকা খরচ করে কাটিমন ও কল্যাণভোগ আমের চাষ করেছি। আমার পরিবার প্রায় ৪০ বছর ধরে আমের চাষ ও ব্যবসা করে লাভবান হয়ে আসছে। 


ভবানীপুর গ্রামের আব্দুল করিম জানান, আমার বাগানে বছরে তিনবার কাটিমন আম ফলাতে পারছি। তবে কৃষি অফিসারদের পরামর্শ ঠিকমতো না পাওয়ায় কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছি।শিবগঞ্জ বাজারের আম ব্যবসায়ী টিটো এ বছরে ৩৫ বিঘা জমিতে কাটিমন আমের চাষ করেছি। আশা করি ভালো ফলাফল পাবো। 


শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বর্তমানে শিবগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার হেক্ট্র জমিতে প্রায় আট হাজার আম চাষি কাটিমন আমের চাষ করছে। সামনে আরো টেপ ওয়ার্কের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। কাটিমন আম বাণিজ্যিক আকারে উৎপাদন হচ্ছে। বর্তমানে কানসাট আম বাজারে প্রায় আটশো থেকে নয়শো মণ কাটিমন আম কেনাবেচা হচ্ছে। দাম প্রায় আট হাজার থেকে ১৪ হাজার মণ প্রতি বিক্রি হচ্ছে। 


তিনি আরও বলেন, এখন থেকে প্রায় বারো মাসই কানসাট আম বাজারে কমবেশি আম পাওয়া যাবে। প্রতিটি ইউনিয়নেই প্রতিটি আম বাগানের মালিকের সাথে উপসহকারী কৃষি অফিসাররা যোগাযোগ রক্ষা করে বিভিন্ন পরামর্শ দিতে আছেন।