গোমস্তাপুরে বৃষ্টিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
কয়েক দিনের টানা ও থেমে থেমে চলা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করলেও ঠিক ধান কাটার ভরা মৌসুমে এমন বৈরী আবহাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে যেসব জমিতে পাকা ধান কেটে রাখা হয়েছিল, বৃষ্টির পানিতে তা ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবার অনেক জমিতে জমে থাকা পানিতে তলিয়ে ও হেলে পড়েছে দাঁড়িয়ে থাকা ধান। এতে একদিকে যেমন ধান কাটা, শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে রহনপুর পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমিতে পানি জমে গেছে। বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু ও বিলসংলগ্ন জমিগুলোতে পানি আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় সেই ধান যেমন শুকানো যাচ্ছে না, তেমনি পানিতে ভিজে শীষ থেকে ধান ঝরে যাওয়া ও চাল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
রহনপুর ইউনিয়নের কৃষক আতিক বাবু জানান, তার ৫ বিঘা জমির ধান কাটার কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ধান মাঠেই পড়ে আছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না; আর যারা রাজি হচ্ছেন, তারা বাড়তি মজুরি দাবি করছেন। সব মিলিয়ে কাটা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন বলে জানান। তিনি আরও বলেন, হঠাৎ বৃষ্টির কারণে কাটা ধান মাঠেই পড়ে গেছে। রোদ নেই, আকাশ মেঘলা থাকায় ধান শুকানো যাচ্ছে না। এমন অবস্থায় শ্রমিক পাওয়া যাচ্ছে না; আর যারা রাজি হচ্ছেন, তারা বাড়তি মজুরি দাবি করছেন। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে কাটা ধান নষ্ট হয়ে যাবে, খড়ও পচে যাবে। সব মিলিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়ে আছি।
একইভাবে রাধানগর ইউনিয়নের কৃষক ইমদাদুল হক বলেন, তার জমির পাকা ধান বাতাস ও বৃষ্টিতে পড়ে গেছে এবং ক্ষেতে পানি জমে আছে। জলাবদ্ধতা ও খারাপ আবহাওয়ার মধ্যে কীভাবে পাকা ধান কেটে ঘরে তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তিনি আরও বলেন, সারা বছর অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছি। ভেবেছিলাম এবার ধান কেটে ঘরে তুললে ঋণ ও সংসারের খরচ সামলাব। কিন্তু হঠাৎ বৃষ্টিতে পাকা ধান পড়ে গেছে, ক্ষেতেও পানি জমে গেছে। কাদা ও জলাবদ্ধতার মধ্যে কীভাবে ধান কাটব আর কীভাবে ঘরে তুলব, তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছি।
শুধু কাটা ধানই নয়, যেসব জমিতে এখনো ধান দাঁড়িয়ে আছে, সেখানেও বৃষ্টিতে গাছ হেলে পড়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া খড় ভিজে পচে যাওয়ার শঙ্কা এবং পরবর্তী শীতকালীন ফসল আবাদ ও জমি তৈরির কাজ পিছিয়ে যাওয়ার আশঙ্কায়ও ভুগছেন চাষিরা।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ধরনের ৬৪২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের কাজ চলছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টির পানি জমে থাকা জমিতে দ্রুত নালা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, কাটা ধান ও খড় যাতে দীর্ঘ সময় পানিতে ডুবে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান মাড়াই ও ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।