শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে

শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, একজন শিক্ষকের দায়িত্ব ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনাদেরকে পড়াশোনার ও পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে। আমরা চাইব, আপনারা অন্তত ২৫ শতাংশ সময় গবেষণা কাজে ব্যয় করেন। আর এর মধ্য দিয়েই আমরা একই সঙ্গে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করতে পারব।”


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শেষে সোমবার (২৩ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই ট্রেনিং সেশনের আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)।


জাতির প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। কেউ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নির্বোধ হয়ে ওঠে না, যতক্ষণ না সে প্রশ্ন করা বন্ধ করে। যারা প্রশ্ন জিজ্ঞাসা করেন না, তারা আস্তে আস্তে নির্বোধ হয়ে উঠতে থাকেন। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের নির্বোধ হতে দেব না। একেবারে শীর্ষস্থানীয়, অর্থাৎ দক্ষ স্নাতক হিসেবে আমাদের এখান থেকে তৈরি করে বের করে দিতে হবে তাদের কর্মক্ষেত্রের জন্য। কাজেই আপনারা তাদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করবেন এবং তাদের ভেতরের সৃজনশীলতাগুলো যেন বের করে নিয়ে আসা যায়, সেজন্য চেষ্টা করবেন। সর্বোপরি আপনাদের ওপর জাতির যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা- সেই প্রত্যাশাগুলো পূরণের জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন।


আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।