শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা, দলিত ও আদিবাসীদের অধিকার রক্ষায় জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা, দলিত ও আদিবাসীদের অধিকার রক্ষায় জেলা প্রশাসক

দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, পানি ও ধর্মীয় অধিকার রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, আদিবাসীদের ভোগ দখলে থাকা সরকারি খাস পুকুরের তালিকা তৈরি করে ইউএনও ও এসিল্যান্ডের মাধ্যমে পাঠালে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। পুকুর ইজারা ও বরেন্দ্র অঞ্চলের বিএমডিএ পাম্প পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ পেলে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আদিবাসীদের ব্যবহৃত শ্মশান ঘাট রক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। 


সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, ভূমির অধিকার ও পানি নিরাপত্তা বিষয়ক জেলা পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাসকো ফাউন্ডেশনের জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প এ মতবিনিময় সভার আয়োজন করে।


জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম আরও বলেন, আদিবাসীদের অধিকার বাস্তবায়ন এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রশাসন আন্তরিক। আদিবাসীরা যেসব সরকারি খাস পুকুর ব্যবহার করেন বা দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন, সেগুলোর একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে। তালিকাটি ইউএনও অথবা এসিল্যান্ডের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠালে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


পুকুর ইজারা ও বরেন্দ্র অঞ্চলের বিএমডিএ পাম্প স্থাপনের বিষয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে কোনো অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা ঘটলে যথাযথ কর্তৃপক্ষ, ইউএনও কিংবা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভাবেই অনিয়ম হতে দেওয়া যাবে না।


জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, কোনো জমি পুকুর হিসেবে চিহ্নিত থাকলে সেটির শ্রেণি পরিবর্তন করা হবে না। এ ক্ষেত্রে জমির প্রকৃত অবস্থা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।


সভায় বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলের বরেন্দ্র এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া, দীর্ঘস্থায়ী খরা এবং পানি সম্পদের ওপর বাড়তি চাপের কারণে প্রান্তিক জনগোষ্ঠী নিরাপদ ও পর্যাপ্ত পানি প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে জেলার তানোর ও গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় পানি ব্যবস্থাপনা, সেচ সুবিধা এবং পাম্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এছাড়া সরকারি খাস পুকুর ইজারায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। 


বক্তারা বলেন, অনেক আদিবাসী পরিবার মাছ চাষ, গৃহস্থালি প্রয়োজন ও জীবিকার জন্য এসব জলাশয়ের ওপর নির্ভরশীল। কিন্তু ইজারা ব্যবস্থায় তারা অনেক সময় উপেক্ষিত হন। ফলে নিজেদের এলাকার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। মতবিনিময় সভায় দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত শ্মশানঘাটের সুরক্ষা ও আইনি স্বীকৃতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। 


বক্তারা আরও বলেন, অনেক শ্মশান ঘাটের প্রয়োজনীয় নথিপত্র ও আইনগত স্বীকৃতি না থাকায় সেগুলোর অস্তিত্ব ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব শ্মশান ঘাট সংরক্ষণে প্রশাসনিক ও আইনি উদ্যোগ প্রয়োজন।


সভাটি পরিচালনা করেন ডাসকোর ফাউন্ডেশনের গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি আফজাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি ফয়জুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুন্নাহার মুক্তি,  দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, তানোর লোক মোর্চার সভাপতি মফিজ উদ্দিন, সদস্য বিমল চন্দ্র রাজোয়াড়, জাহিদ হাসান পলাশ, ছোটন সরদার প্রমুখ। এতে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


সভায় দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও প্রাকৃতিক সম্পদে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, খাস পুকুর ইজারায় অগ্রাধিকার, শ্মশান ঘাটের সুরক্ষা এবং বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসন, বিএমডিএ, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব বিষয়ে কার্যকর সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়।