শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে অতর্কিত গুলি ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

ঈশ্বরদী প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে অতর্কিত গুলি ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য বিরোধী বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির সময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রস্তুতির সময় জমায়েতে অতর্কিত এলোপাতাড়ি গুলিবর্ষণ করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর পাড় সংলগ্ন মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। 


আহতরা সবাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের অনুসারী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী। এদের মধ্যে ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান রিশাদ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি শহরের ইদগা রোডের পিরু হোসেনের ছেলে। এছাড়া গুলিবিদ্ধ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল ইসলাম মাহিদ, এবং শৈলপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম।


আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় সাঁড়ার মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখে কালো কাপড় বাঁধা একদল দুর্বৃত্তরা মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন। 


আহতদের বরাত দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, বিক্ষোভের প্রস্তুতি চলাকালে নওশাদ ও শফি’র নেতৃত্বে আওয়ামীলীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মীদের সহযোগিতায় পদ্মা নদীর ত্রাস কাকন বাহিনীর একদল সন্ত্রাসী স্পিডবোটে এসে নদীর ঘাটে এসে ছাত্রদল নেতাকর্মীদের জমায়েতের ওপর অতর্কিত এলোপাতাড়ি গুলিবর্ষণ করে দ্রুত স্পিডবোটে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এসব বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে প্রতিপক্ষ কারা এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে বলে জানান তিনি।