শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিক্ষোভের মুখে রাজশাহী মহানগর যুবদলের পদায়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
বিক্ষোভের মুখে রাজশাহী মহানগর যুবদলের পদায়ন বাতিল

রাজশাহী মহানগর যুবদলে পদায়ন নিয়ে বিতর্কের জেরে এবার সরাসরি বিক্ষোভের মুখে পড়েছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা। নতুন করে ১৩ নেতার পদায়ন এবং কয়েকজনকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে আহ্বায়ক ও সদস্য সচিবের বাসভবন ঘেরাও করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের স্লোগান ও ক্ষোভের মুখে ঘোষিত সিদ্ধান্ত থেকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সরে এসেছে কেন্দ্রীয় যুবদল। বাতিল করা হয়েছে সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত।


শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেখানে রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান তারা। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান বিক্ষোভকারীরা।


এর আগে শনিবার কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের কমিটিতে নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতির কথা জানানো হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে পদায়নের তালিকা প্রকাশের পরপরই সংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।


বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ওঠে। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা, মামলা-হামলা ও কারাভোগ করা পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে। এতে সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।


পরিস্থিতির মধ্যে রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের কথা জানায় কেন্দ্রীয় যুবদল। ফলে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় কেন্দ্রীয় নেতৃত্বকে।


এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে জায়গা পাননি। একই কমিটিতে বারবার নতুন করে নেতাদের অন্তর্ভুক্তির ঘটনাও ঘটছে। নেতাকর্মীদের আবেগ ও ক্ষোভ থাকতেই পারে। ইতোমধ্যে কেন্দ্রীয় যুবদল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।