খাদ্যগুদামে ঠিকাদার নিয়োগে অনিয়ম
রাজশাহী বিভাগের পাঁচ জেলার সরকারি খাদ্যগুদামগুলোতে শ্রম, হ্যান্ডলিং এবং অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগে দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, বগুড়া ও নাটোরে প্রায় ১৫ বছর, জয়পুরহাটে ৯ বছর এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ বছর ধরে নতুন করে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। দীর্ঘদিন দরপত্র বন্ধ থাকায় নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং ‘মাস্টার রোল’ পদ্ধতির আড়ালে শ্রমিকদের ন্যায্য মজুরি কেটে নেওয়া হচ্ছে।
ঠিকাদার সমিতির অভিযোগ, মাস্টার রোল পদ্ধতিতে মজুরি পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে বিল জমা হলেও সরকারি বিল উত্তোলনের আগেই ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অর্থ থেকে শ্রমিকদের মজুরি দিতে হয়। এ ছাড়া সরকারিভাবে ১০০ শতাংশ মজুরি বৃদ্ধির কথা থাকলেও শ্রমিকেরা পাচ্ছেন মাত্র ৫০ শতাংশ; বাকি অর্থ বিভিন্ন পর্যায়ে কেটে রাখা হচ্ছে। পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও নিয়মিত দরপত্রের পরিবর্তে বিশেষ ‘ডিপিএম’ (ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে গিয়ে ওসি এলএসডিদের মাস্টার রোল পদ্ধতি নিয়ন্ত্রণ করার এই কৌশলকে দুর্নীতি ও লুটপাটের আগাম ব্যবস্থা হিসেবে দেখছেন ঠিকাদাররা।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম বলেন, মাস্টার রোল পদ্ধতি চালু করলে ঠিকাদারদের যে অর্থনৈতিক সাপোর্টটা, সেটি তো কোনো সরকারি কর্মকর্তা দিতে পারেন না। এ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা ঠিকাদার হতে পারেন না। প্রশ্ন হচ্ছে তাদের আয়ের উৎসটা কী? যেখানে মাস্টার রোল পদ্ধতি চালু হয়েছে, সেখানে শ্রমিকদের যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, সেই কর্মকর্তাদের আয়ের উৎস কী? সে তো বেতনভুক্ত একজন কর্মচারী, সে টাকাটা পাচ্ছে কোথায়? নিশ্চয়ই এখানে গলদ কিছু রয়েছে।
ঠিকাদার পাভেল খাঁন বলেন, মাস্টার রোল পদ্ধতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হচ্ছে না এবং সরকারি বরাদ্দ ও শ্রমিকদের প্রকৃত প্রাপ্যের মধ্যে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। ঠিকাদার পলব বলেন, “আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, চাই সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগের নির্দেশনা দিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে দরপত্র বন্ধ থাকায় অনেক ঠিকাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে শ্রমিকেরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।” ঠিকাদার আশিক ইকবাল বলেন, বর্তমানে বাজারদরের তুলনায় শ্রমিকদের মজুরি অপ্রতুল এবং নতুন দরপত্র না হওয়ায় অনেক ঠিকাদার ব্যবসায়িক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় এবং ১৭ অক্টোবর খাদ্য অধিদপ্তরের নির্দেশনায় উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সব পর্যায়ের পরিবহন ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। বিদ্যমান ঠিকাদারদের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও এরপর আর মেয়াদ বাড়ানো হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি ঠিকাদারদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং নিয়োগ কার্যক্রমের অগ্রগতি প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ ও নিয়োগের বিষয়ে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক জানান, যেহেতু ৩১ ডিসেম্বর পরিবহন ঠিকাদারদের সময়সীমা শেষ হচ্ছে, তাই দরপত্র আহ্বান করতে কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, মাস্টার রোল পদ্ধতিতে গেলে সরকারের লাভ হয়; তবে ইজিপির (ব-এচ) মাধ্যমে নতুন টেন্ডার আহ্বানের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া বলেন, সর্বশেষ ২০১১ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল, এরপর আর হয়নি এবং বর্তমানে মাস্টার রোলে কর্মরতদের এলএসডির মাধ্যমে ঠিকাদাররা নিয়ন্ত্রণ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ দুই-তিন বছর ধরে বন্ধ আছে এবং সড়ক পরিবহন ঠিকাদারের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। খুব শিগগিরই সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগ কার্যক্রম শুরু হবে, তবে এতদিন মাস্টার রোল কর্মচারীদের দিয়ে কাজ চালানো হয়েছে। অন্যদিকে, নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম জানান, সারা দেশেই দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় আগের ঠিকাদারদের মেয়াদ বাড়িয়ে এবং মাস্টার রোলে দিন হাজিরার চুক্তিতে কাজ চলছে। বর্তমান সরকার এটি ইজিপির আওতায় আনার কাজ করলেও মাঠপর্যায়ে তাদের ইজিপি আইডি ও পাসওয়ার্ড এখনো তৈরি হয়নি।
নির্ধারিত ৩১ ডিসেম্বরের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।