মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

সারসংকটে রবি শস্য চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

গুরুদাসপুর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন কৃষি
গুরুদাসপুর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
সারসংকটে রবি শস্য চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

চলনবিল অধ্যুষিত কৃষিভাণ্ডার হিসেবে খ্যাত নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলতি রবি মৌসুমের (নভেম্বর থেকে মার্চ) চাষাবাদ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ইতিমধ্যে চলনবিলের পানি নেমে গেছে। কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন জমি প্রস্তুতির কাজে। তবে চাহিদামতো রাসায়নিক সার না পাওয়ায় তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


বিসিআইসির সার ডিলার কিংবা খোলাবাজারে চাহিদামতো সার না পেয়ে চলতি রবি শস্য চাষ নিয়ে হতাশায় ভুগছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, বাজারে যে সার পাওয়া যাচ্ছে, তা-ও সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। সার ডিলারদের সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। 


সার পাচার ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন তৎপর থাকলেও বন্ধ হচ্ছে না এসব অপতৎপরতা। অভিযোগ রয়েছে, সার পাচার হয়ে যাচ্ছে অন্য জেলায়। ডিলারদের গুদামে সার মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে ‘সার নেই’ বলে কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি গুদামে তালা মেরে কিংবা অন্যত্র সার সরিয়ে রেখে কৃষকদের খালি হাতে ফেরানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।


এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলায় সারের কোনো ঘাটতি নেই বলে কৃষকদের আশ্বস্ত করা হচ্ছে। তবে ডিলার ও বাজারে চাহিদামতো সার না পেয়ে কৃষকদের খালি হাতে ফিরতে হচ্ছে।


উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবর ও চলতি নভেম্বর—এই দুই মাসে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি—এই চার ধরনের সারের মোট চাহিদা ১০ হাজার ২১২ মেট্রিক টন। এর বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৫ হাজার ৩১৫ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার তুলনায় বরাদ্দ কম রয়েছে ৪ হাজার ৮৯৭ মেট্রিকটন।


এর মধ্যে অক্টোবরে ইউরিয়ার চাহিদা ছিল ৭৩৭ মেট্রিক টন, বরাদ্দ পাওয়া গেছে ৬৫০ মেট্রিক টন। টিএসপির চাহিদা ৭২৫ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ ২২০ মেট্রিক টন, ডিএপির চাহিদা ১ হাজার ৭৫০ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ ৮১০ মেট্রিক টন এবং এমওপির চাহিদা ৫২০ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ২৯০ মেট্রিক টন। সব মিলিয়ে অক্টোবরে ৩ হাজার ৭৩২ মেট্রিক টন চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ৯৭০ মেট্রিক টন। ঘাটতি ১ হাজার ৭৬২ মেট্রিক টন।


চলতি নভেম্বরে ইউরিয়ার চাহিদা ২ হাজার ৫০ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ২২০ মেট্রিক টন। টিএসপির চাহিদা ১ হাজার ২২০ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ ৫৫০ মেট্রিকটন, ডিএপির চাহিদা ১ হাজার ৬৮০ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ ১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপির চাহিদা ১ হাজার ৫৩০ মেট্রিক টনের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৪৭৫ মেট্রিক টন। সব মিলিয়ে নভেম্বরে ৬ হাজার ৪৮০ মেট্রিক টন চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৩ হাজার ৩৪৫ মেট্রিক টন। ঘাটতি ৩ হাজার ১৩৫ মেট্রিক টন।


উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম জানান, উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। চাহিদামতো শতভাগ সার বরাদ্দ পাওয়া গেছে। বিসিআইসি নিয়োগপ্রাপ্ত ডিলার ও খুচরা ডিলারদের মাধ্যমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার বিক্রি করা হচ্ছে। তবে কৃষকেরা বলছেন ভিন্ন কথা।


কৃষি কর্মকর্তা আরও জানান, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার প্রধান অর্থকরী রবি ফসল রসুন, যা স্থানীয়ভাবে ‘সাদা সোনা’ নামে পরিচিত। অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরজুড়ে আমন ধান কাটার পর বিনা চাষে এবং প্রচলিত মালচিং পদ্ধতিতে রসুন ও পেঁয়াজ রোপণের কাজ চলছে। চলতি মৌসুমে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৭৫ হেক্টর, যা প্রায় ৫৫ হাজার ৩১২ বিঘা।


তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ব্যাপকভাবে সরিষা চাষ করা হয়। নভেম্বর মাস সরিষা চাষের উপযুক্ত সময়। এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০ হেক্টর, যা প্রায় ২ হাজার ৬২৫ বিঘা।

চলনবিলবিধৌত গুরুদাসপুরের রবি মৌসুমের অন্যতম প্রধান ফসল বোরো ধান। ইতিমধ্যে কৃষকেরা বোরো ধানের বীজতলা তৈরির প্রস্তুতি শুরু করেছেন। শীতের তীব্রতা কমলে সরিষা উত্তোলনের পর এসব জমিতে বোরো ধানের চারা রোপণ করা হবে। চলতি মৌসুমে ৪ হাজার ৮১০ হেক্টর, অর্থাৎ প্রায় ৩৬ হাজার ৭৫ বিঘা জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


অর্থনৈতিকভাবে বেশি লাভের আশায় রবি মৌসুমে ভুট্টা চাষেও কৃষকদের আগ্রহ বাড়ছে। বরাবরের মতো এবারও ভুট্টার আবাদ বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে ১ হাজার ৩৬৫ হেক্টর, অর্থাৎ প্রায় ১০ হাজার ২৩৭ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া উঁচু ও মাঝারি জমিতে গম, মসুর, খেসারি, মুগ, চিনাবাদাম, বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি (ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আলু, মিষ্টি আলু ও টমেটো), খিরা, তরমুজ, বাঙ্গি ও পেঁয়াজসহ বিভিন্ন ফসলের আবাদ চলছে।