মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বগুড়ায় একই জমিতে ফসল ও সৌরবিদ্যুৎ উৎপাদন

দীপক সরকার, বগুড়া ২৪ নভেম্বর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দীপক সরকার, বগুড়া ২৪ নভেম্বর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
বগুড়ায় একই জমিতে ফসল ও সৌরবিদ্যুৎ উৎপাদন

দুপুরের রোদে মাথার ওপর সারি সারি সোলার প্যানেল। আর ঠিক তার নিচেই সবুজ ফসলের সমারোহ। এমন ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক দৃশ্য দেখা যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার একটি ফসলি মাঠে। প্রচলিত ধারণা বদলে একই জমিতে একদিকে উৎপাদিত হচ্ছে ফসল, অন্যদিকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।


কৃষি ও জ্বালানি খাতের সমন্বয়ে এমন উদ্যোগের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান। প্রবাসজীবনের দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতাকে দেশের মাটিতে কাজে লাগিয়ে কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই উদ্যোগ।


বগুড়া শহরের মালতীনগরের সন্তান মোহাম্মদ আখতারুজ্জামান ২০০১ সালে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা শেষ করে দীর্ঘ সময় কাজ করেছেন নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি স্টোরেজ ও সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে। প্রবাসে থাকাকালীনই দেশের মাটিতে কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। সেই ভাবনা থেকেই নিজ এলাকা বগুড়ায় গড়ে তোলেন একটি গরুর খামার।


বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাকলমা (তালতলা) এলাকায় মাত্র একটি গরু দিয়ে শুরু হয়েছিল তাঁর খামারের যাত্রা। সময়ের সঙ্গে খামারটি বড় হয়েছে। বর্তমানে সেখানে প্রায় ১০০টি গরু রয়েছে। খামারের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মাসিক বিদ্যুৎ বিলও। বাড়তি ব্যয় সামাল দিতে প্রবাসে শেখা সৌরবিদ্যুতের প্রযুক্তি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন আখতারুজ্জামান।


তবে প্রচলিত সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি বড় সীমাবদ্ধতা হলো, প্যানেলের নিচের জমি সাধারণত কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়ে। কৃষিপ্রধান বাংলাদেশে আবাদি জমি নষ্ট না করে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই চিন্তা থেকেই তিনি বেছে নেন ভিন্নধর্মী একটি পদ্ধতি। মাটি থেকে বেশ উঁচুতে বিশেষ কাঠামো তৈরি করে তার ওপর স্থাপন করেন সোলার প্যানেল। ফলে প্যানেলের ফাঁক দিয়ে পর্যাপ্ত সূর্যালোক ও বৃষ্টির পানি নিচের জমিতে পৌঁছাতে পারে। এতে প্যানেলের নিচের জমিতেও নির্বিঘ্নে সবজি ও অন্যান্য ফসলের চাষাবাদ করা সম্ভব হচ্ছে।


মোকামতলায় প্রথম সৌর সেচ ও বিদ্যুৎ প্রকল্পের সাফল্যের পর সেখান থেকে অর্জিত আয় দিয়ে সোনাতলা উপজেলায় আরও একটি প্রকল্প গড়ে তুলেছেন তিনি। বর্তমানে এই দুটি প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিনশ বিঘা আবাদি জমি যুক্ত হয়েছে। দিন দিন বাড়ছে প্রকল্পের পরিধি।


সমন্বিত এই চাষাবাদ ও সৌর সেচব্যবস্থায় খুশি স্থানীয় কৃষকেরাও। তাঁদের ভাষ্য, আগে ডিজেলচালিত শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে সেচ দিতে যে খরচ হতো, সৌর সেচ চালুর পর তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পাশাপাশি জমির উর্বরতা ও ফসলের ফলন অক্ষুণ্ন থাকায় কৃষকদের নিট আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে, দিনে উৎপাদিত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে খামারের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


আখতারুজ্জামানের স্বপ্ন আরও বড়। তিনি কাজ করছেন ‘এক গ্রাম, এক মেগাওয়াট বিদ্যুৎ’ ধারণা বাস্তবায়নের লক্ষ্যে। তাঁর বিশ্বাস, দেশের প্রতিটি গ্রামে এভাবে ফসলি জমির ওপর উঁচু কাঠামোয় সৌর প্যানেল স্থাপন করা গেলে একদিকে গ্রামীণ পর্যায়েই বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে, অন্যদিকে কৃষকেরা কম খরচে সেচসুবিধা পাবেন।


বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের প্রেক্ষাপটে এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনীতি ও পরিবেশ রক্ষায় এ মডেলের রয়েছে বহুমুখী সম্ভাবনা। ডিজেলচালিত সেচের ওপর নির্ভরতা কমলে জ্বালানি তেল আমদানিতে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। আবাদি জমি নষ্ট না করেই বাড়তি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হওয়ায় খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কমবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলে কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং গ্রামীণ পরিবেশদূষণও কমবে।


এ প্রসঙ্গে উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সরকারি নীতিসহায়তা, সহজ শর্তে ব্যাংকঋণ এবং নেট মিটারিং ব্যবস্থার আরও সম্প্রসারণ করা গেলে দেশের অসংখ্য তরুণ উদ্যোক্তা এ খাতে এগিয়ে আসবেন। বগুড়ার মোকামতলা ও সোনাতলার ফসলি মাঠের এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে তা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।