মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ঈশ্বরদীতে জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০১:০২ অপরাহ্ন
ঈশ্বরদীতে জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার জেরে জামায়াতের কয়েকজন নেতার চার-পাঁচটি বাড়ি এবং আত্মগোপনে থাকা উপজেলা যুবলীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার সাঁড়া ইউনিয়ন ও পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


সোমবার (২৩ নভেম্বর) রাতে সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে একদল যুবক আত্মগোপনে থাকা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের সাঁড়াগোপালপুর এলাকার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ও মালামাল লুট করা হয়। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে হামলাকারীরা চলে যায়।


খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়ির দেয়াল ও ছাদ ছাড়া প্রায় সবকিছু পুড়ে যায়। এ সময় সাঁড়াগোপালপুর এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভানোর পর নেসকোর কর্মীরা বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেন।


সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় সাঁড়া এলাকায় ছাত্রদলের যেসব নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন, তাঁদের লোকজনই জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন। যুবলীগ নেতা মিলন চৌধুরী আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর চাচা-চাচি ও পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন বলে জানান তিনি।


স্থানীয় জামায়াত নেতাকর্মীদেরও অভিযোগ, আহত ছাত্রদল নেতাকর্মীদের সমর্থকেরাই এসব হামলা চালিয়েছেন।

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, কাকন বাহিনীর অনুসারী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রদলের মিছিল ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর বালুমহালের কর্তৃত্ব নিয়ে ঈশ্বরদীতে বিএনপির একাংশের নেতা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মীদেরও বিরোধ ছিল। এসব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অনুসারী ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।


সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তাঁরা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।’ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, জামায়াতের কয়েকজন নেতাকর্মী ও যুবলীগ নেতা মিলন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁদের ওপর অতর্কিত হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদলের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।