শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাবিতে প্রফেসর এম আবদুল হামিদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
রাবিতে প্রফেসর এম আবদুল হামিদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘প্রফেসর এম আবদুল হামিদ: এক দার্শনিক মনীষার পথ পরিক্রমা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্মারকগ্রন্থ উন্মোচন হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)- এর চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। 


দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর মোতাছিম বিল্যাহ। স্মারকগ্রন্থের সম্পাদক প্রফেসর মো. আক্তার আলী গ্রন্থপরিচিতি উপস্থাপন করেন। সেখানে অন্যদের মধ্যে প্রফেসর হামিদের কন্যা প্রফেসর শারমিন হামিদ ও বিভাগের অন্যতম জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর শামীমা আক্তারও বক্তব্য রাখেন।  বিভাগের শিক্ষক প্রফেসর মো. রোকনুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


তিনটি অধ্যায়ে বিভক্ত এই স্মারকগ্রন্থে প্রকাশিত নয়টি প্রবন্ধে প্রফেসর হামিদের ব্যক্তিত্ব, জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা ও প্রফেসর হামিদের পঠন-পাঠনের ক্ষেত্র সমকালীন নীতিবিদ্যা এবং বিশ্লেষণী দর্শন সম্পর্কে সাতটি অ্যাকাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া কিছু আলোকচিত্রও গ্রন্থটিতে স্থান পেয়েছে। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেসর হামিদের পরিবারের সদস্যবৃন্দ, সাবেক উপাচার্য প্রফেসর মো. মামনুনুল কেরামত, প্রফেসর সি এম মোস্তফা (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল), প্রফেসর মহেন্দ্রনাথ অধিকারী (দর্শন), প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 


প্রসঙ্গত, প্রফেসর এম আবদুল হামিদ ১৯৪৩ সালের ৩০ জুন বর্তমান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এমএ ও ১৯৮২ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ১৯৯০ সালে প্রফেসর পদে উন্নীত হন।


অধ্যাপনার ছাড়াও তিনি বিভাগীয় সভাপতি, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাবি ছাপাখানার প্রশাসক, রাকসুর কোষাধ্যক্ষ ও রাবি দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ৪টি এমফিল ও ৭টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন। তাঁর ৬টি গ্রন্থ ও ২৭টি প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে। তাঁর পঠন-পাঠনের ক্ষেত্র ছিল পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, তুলনামূলক ধর্মীয় নীতিবিদ্যা, মুসলিম দর্শন ও বিশ্লেষণী দর্শন। ২০২১ সালের ১ জুলাই তিনি রাবি ক্যাম্পাস সংলগ্ন মির্জাপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন ও একই দিনে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।