রেকর্ড গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
রেকর্ড ভাঙা-গড়ার খেলা যেন নেশা বানিয়ে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিস্ময়বালক কাভান সুলিভান। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে ২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। এর মধ্য দিয়ে পুরস্কারটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার অনন্য কীর্তি গড়েছেন তিনি।
সোমবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমএলএস কর্তৃপক্ষ। ক্লাবগুলোর টেকনিক্যাল স্টাফ, গণমাধ্যমকর্মী ও বর্তমান ফুটবলারদের ভোটে সেরা নির্বাচিত হন কাভান। তিনটি বিভাগেই সর্বোচ্চ ভোট পেয়ে মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ নিজের ঝুলিতে পুরেছেন তিনি। এই দৌড়ে তার জাতীয় দলের সতীর্থ ও রেড বুল নিউইয়র্কের দুই তরুণ জুলিয়ান হল (১০.৯৮ শতাংশ) দ্বিতীয় এবং আদ্রি মেহেমেতি (৫.৯৮ শতাংশ) তৃতীয় হয়েছেন।
এমএলএসে নিজের প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই আলো ছড়িয়েছেন কাভান। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৯ গোল ও ১৪ অ্যাসিস্টসহ মোট ২৩টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। লিগের ইতিহাসে এক মৌসুমে কিশোর ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলে অবদান ও অ্যাসিস্টের রেকর্ড এটি। এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেও গড়েছেন নতুন কীর্তি। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত সেপ্টেম্বরে ১৭ বছর ২ দিন বয়সে লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাসসেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।
ক্লাবের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই তরুণ। গত সেপ্টেম্বরে প্রথমবার যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেয়ে পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নেন। এখন পর্যন্ত দেশের হয়ে খেলা চার ম্যাচের মধ্যে গত অক্টোবরে মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার (১৭ বছর ৫ দিন) রেকর্ডও নিজের করে নেন কাভান।
২০২০ সাল থেকে বর্তমান কাঠামোয় ২২ বছর বা তার কম বয়সী ফুটবলারদের এই পুরস্কার দিয়ে আসছে এমএলএস। ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মাননা জিতলেন কাভান।
পারিবারিক সূত্রে বাংলাদেশের সঙ্গে নিবিড় যোগসূত্র রয়েছে কাভানের। তার নানি সুলতানা আলম বেড়ে উঠেছিলেন ঢাকায়। পাশাপাশি কাভানের দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান ইতোমধ্যে বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন।