রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে নেতারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেন তারা। রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে দলগুলোর প্রতি আহ্বান জানান নেতারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, আ.স.ম. মামুন শাহীন, যুব বিভাগ সেক্রেটারি সালাউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।