শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও অফিসে হামলা, আহত ৮

সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও অফিসে হামলা, আহত ৮
হামলায় আহতরা

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী নেতা মো. শাজাহান আলীর বাড়ি, দলীয় কার্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এসময় গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত থেকে আটকজন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের জুগিয়া এলাকায় ঘটনাটি ঘটে। 


আহত শাজাহান আলী জামায়াতের কুষ্টিয়া শহর শাখার ইউনিট সদস্য। তিনি কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে দেড়টার দিকে দুইশ লোক শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। তারা তার বাড়ি, অফিস ও সামনের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। পাশাপাশি ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। হামলার সময় ঘটনাস্থলে থাকা জামায়াতের ৭-৮ জন কর্মী  আহত হন। স্থানীয়রা তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 


হামলার নেপথ্যের কারণ সম্পর্কে স্থানীয়রা জানান, জুগিয়া ভাটাপাড়া বালুর ঘাটটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু মালিকানা পরিবর্তন করে নেওয়ার পর থেকে সেখানে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন চলছিল। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেন। তারা জানান, এই ঘটনার জেরে শহর বিএনপির নেতা এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। 


কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক গণমাধ্যমকে জানান, স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসময় কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি জানান, তিনি ঢাকায় ছিলেন। কারা হামলা চালিয়েছে সে সম্পর্কে তার জানা নেই।

কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


তথ্যসূত্র: রাইজিংবিডি