শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাংলাদেশের ওপর কতটা বাড়বে যুক্তরাষ্ট্রের শুল্ক, কবে কার্যকর?

সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
বাংলাদেশের ওপর কতটা বাড়বে যুক্তরাষ্ট্রের শুল্ক, কবে কার্যকর?

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত সক্ষমতা তৈরি, শ্রমিকদের কম মজুরি এবং চীনা কাঁচামালের ওপর অতি-নির্ভরতার অভিযোগে বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। তবে, শুল্ক ঠিক কতটা বাড়বে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে পাঠকদের মধ্যে।


ইউএসটিআরের ঘোষণা অনুযায়ী, সেকশন ৩০১-এর আওতায় বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, শুল্কহার নিশ্চিতভাবেই ১৮ শতাংশ নয়, এর নিচেও হতে পারে। ১৮ শতাংশ হচ্ছে প্রস্তাবিত সর্বোচ্চ হার।


গত ১১ মার্চ বাংলাদেশের উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সেই তদন্ত প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতে এই অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর।


শুধু বাংলাদেশ নয়, একই তদন্তের ভিত্তিতে অতিরিক্ত শুল্কের ঝুঁকিতে পড়েছে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৪টি প্রধান অর্থনীতি।


বাংলাদেশের ওপর কতটা বাড়বে শুল্ক

ইউএসটিআরের প্রস্তাবিত ১৮ শতাংশ হারকে বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের নিট বা সমন্বিত সীমা হিসেবে ধরা হয়েছে। গত ২৪ জুলাই থেকে কার্যকর থাকা ১০ শতাংশ সেকশন ৩০১ শুল্ক এর ভেতরেই অন্তর্ভুক্ত থাকবে।


সে হিসাবে আগের ১০ শতাংশের ওপর নতুন করে সর্বোচ্চ আট শতাংশ শুল্ক যোগ হতে পারে। অন্যদিকে, পণ্যের সাধারণ এমএফএন বা নিয়মিত শুল্ক আলাদাভাবে বহাল থাকবে।


পোশাক খাতে মোট শুল্ক কত হতে পারে

তৈরি পোশাক খাতে নিয়মিত এমএফএন শুল্ক গড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশের কাছাকাছি। প্রস্তাবিত সর্বোচ্চ ১৮ শতাংশ সেকশন ৩০১ শুল্ক কার্যকর হলে মোট শুল্কহার প্রায় সাড়ে ৩৩ শতাংশে পৌঁছাতে পারে।


বর্তমানে এই খাতে সম্মিলিত শুল্কহার প্রায় সাড়ে ২৫ শতাংশের আশপাশে রয়েছে। তবে নির্দিষ্ট কিছু পণ্যে ছাড় বা ব্যতিক্রমের সুযোগ থাকবে কি না, তা পরবর্তী প্রক্রিয়ায় স্পষ্ট হবে।


শুল্কহার এখনো চূড়ান্ত নয়

ইউএসটিআরের এই ঘোষণা কেবল একটি প্রস্তাব মাত্র। এ বিষয়ে লিখিত মতামত জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।


এরপর গণশুনানি শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। শুনানি ও মতামত পর্যালোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত ও কার্যকারিতার বিষয়টি নির্ধারিত হবে।


তথ্যসূত্র: ইউএসটিআর, জাগোনিউজ