শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ঈশ্বরদীতে যুবদল নেতার মোটর সাইকেল শোডাউন

ঈশ্বরদী প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে যুবদল নেতার মোটর সাইকেল শোডাউন

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে পাবনা-৪ আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার হয়েছিলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল। দীর্ঘদিন পর কেন্দ্রীয় যুবদল তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করার পর তিনি ব্যাপক আয়োজনে শত শত মোটর সাইকেল শোডাউন দিয়ে ঈশ্বরদীতে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাবনার ঈশ্বরদীতে যুবদল নেতা জুয়েলকে মোটর সাইকেল শোডাউনে সংবর্ধনা প্রদানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। 


উপজেলার মুলাডুলি এলাকায় স্থাপন করা মঞ্চে ফুলেল সংবর্ধনা পদান করে সেখান থেকে মোটর সাইকেল শোভাযাত্রাসহ ঈশ্বরদী শহরে আনা হয় যুবদল নেতা জুয়েলকে। ঈশ্বরদী পৌরসভার রেলগেটস্থ আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে তাকে দ্বিতীয় দফা সংবর্ধিত করে সেখানে পথসভার আয়োজন করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির একাংশের আহবায়ক ইসলাম হোসেন জুয়েল। বক্তব্য দেন সংবর্ধিত যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, বিএনপি নেতা সেন্টু সরদার, আনোয়ার হোসেন জনি, খন্দকার তৌফিক আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল প্রমুখ। সংবর্ধনার জবাবে যুবদল নেতা জাকির হোসেন জুয়েল ঈশ্বরদীতে বিবাদমান বিএনপির গ্রুপিং সমস্যার সমাধান করে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার আহবান জানান।