এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসের বাইরে কোচিং করাতে পারবেন না: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা শ্রেণিকক্ষের বাইরে কোথাও কোচিং করাতে পারবেন না। শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানোর প্রবণতা বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এটি আর চলতে দেওয়া হবে না। এমপিওভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো মিছিল-মিটিংয়ে অংশ নিতে পারবেন না। যারা ক্লাস বাদ দিয়ে মিছিল-সমাবেশে যাবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ফলাফলের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভবন নির্মাণ করা হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি এবং ফলাফল ভালো, সেসব প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। অন্যদিকে, শিক্ষার্থী নেই কিংবা ফলাফল খারাপ—এমন প্রতিষ্ঠানগুলো এ সুবিধা থেকে বঞ্চিত হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। পরীক্ষায় দুর্নীতি ও নকলের সুযোগ থাকবে না। এটি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো ব্যবস্থা নয়, যেখানে না লিখেও নম্বর পাওয়া যেত। পরীক্ষার খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তাহলেই ভালো ফলাফল অর্জন সম্ভব।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এ কারণে দ্বিতীয়বারের মতো অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে পাসের সংখ্যা ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ অন্যরা।